নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টা ৩০ মিনিটের দিকে রায়পুর থানাধীন ০৫ নং চরপাতা ইউনিয়নের পাটোয়ারির গলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রায়পুরের চরপাতা গ্রামের পলাশ (২৬), রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মোঃ চানমিয়া (৩৫) এবং রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার মেহেদী হাসান রবিন (২২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম চরপাতা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের পাটোয়ারির গলিতে জনৈক ইসমাইলের বাসার সামনে অভিযান চালায়। এ সময় ওই তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ১২০০ (বারোশত) পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৩২,৮০০ (চার লক্ষ বত্রিশ হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে রায়পুরসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। ধৃত আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।















