বিজয়ের আলো ডেস্ক :
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রানাপাশা স্কুলসংলগ্ন জহিরুল হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাচনমহল বাজারের জহিরুল হক মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের একাধিক দোকানে।
আগুনে একটি পার্টসের দোকান, পেট্রোলের দোকান, ফার্নিচারের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে নলছিটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।














