বিজয়ের আলো প্রতিবেদন : রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে চলচ্চিত্র সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের নির্বাচনে ‘আবদুর রহমান ও রাহাত সাইফুল পরিষদ’ থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।
ভোটের আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংগঠনের সকল সদস্য ও ভোটারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেছেন তিনি। ভোটারদের উদ্দেশে রিমন মাহফুজ বলেন, ‘রাত পোহালেই বাচসাস নির্বাচন। আপনাদের মূল্যবান ভোট, সমর্থন ও ভালোবাসায় এগিয়ে যেতে চাই।’
সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাচসাসের সাংগঠনিক কার্যক্রম ও পেশাগত মর্যাদা রক্ষায় আগামীতেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই প্রার্থী।












