০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কালিয়ায় হামলায় নিহত বিএনপি নেতা সোহেল ও শাহিনের দাফন সম্পন্ন, জানাজায় নেতাকর্মীদের ঢল

  • আপডেট: ০১:৪৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • 12

বিজয়ের আলো ডেস্ক :
নড়াইলের কালিয়ায় সংঘর্ষ ও হামলার ঘটনায় নিহত বিএনপি নেতা সোহেল শেখ ও শাহিন শেখের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী বিএনপির কার্যালয়ের সামনে তাঁদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র ও বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি, বৈঠা, রামদা, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। এ ঘটনায় সোহেল শেখ ও শাহিন শেখ নিহত হন। এ ছাড়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
একটি সূত্রের দাবি, হামলার পরিকল্পনা বেন্দারচর গ্রামে করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে এখনো লোকজনের সমাগম রয়েছে। ওই গ্রামে যাওয়ার সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সাংবাদিকদের যানবাহন নিয়ে সেখানে প্রবেশ করতে না পেরে হেঁটে যেতে হয়েছে।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু অভিযোগ করে বলেন, প্রায় ৪০টি মোটরসাইকেল নিয়ে তাঁদের শোভাযাত্রায় হামলা চালানো হয়। এ সময় ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মারধর করে আহত করা হয়েছে। তাঁর দাবি, হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা ‘এমপি মুক্তির স্লোগান’ দিয়ে লাঠি ও রামদা হাতে মিছিল করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, বেন্দারচর গ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে কালিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত