০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে সোনালী ব্রিকফিল্ডে পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ, ছাড়পত্র বাতিলের পরেও সংস্কারকাজ চলছে

  • আপডেট: ০২:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 9

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সোনালী ব্রিকফিল্ডের মালিক ফারুকী আজমের কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রিকফিল্ড এলাকায় অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায়ের চেষ্টা করেও কোনো সমাধান পাননি তাঁরা।

এদিকে, গত ১১ অক্টোবর সোনালী ব্রিকফিল্ডের পরিবেশগত ছাড়পত্র ও নবায়নের আবেদন বাতিল করে পরিবেশ অধিদপ্তর। জানা গেছে, ইটভাটার এক কিলোমিটারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় আইন অনুযায়ী ভাটাটির অবস্থান গ্রহণযোগ্য নয়। এ কারণে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে এনআরবিসি ব্যাংকের নিলামের মাধ্যমে সোনালী ব্রিকফিল্ডটি ক্রয় করেন আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন। পরে চলতি বছর তিনি ব্রিকফিল্ডটি মঞ্জুর হোসেনের কাছে ভাড়া দেন। এ বিষয়ে একটি ভাড়ার চুক্তিপত্র রয়েছে।

মঞ্জুর হোসেন বলেন, ব্যাংক থেকে নিলামের মাধ্যমে নিজাম উদ্দিন ব্রিকফিল্ডটি ক্রয় করার পর আমি ভাড়া নিয়েছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিল হওয়ার পর রিভিউ করে ব্রিকফিল্ডটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।

ফারুক আজমের পাওনাদারদের বিষয়ে জানতে চাইলে মঞ্জুর হোসেন বলেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।

ভুক্তভোগীদের দাবি, সোনালী ব্রিকফিল্ডের মালিক ফারুক আজমের কাছে তাঁদের সবার প্রায় ৫কোটি টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিনেও পাওনা টাকা ফেরত না পাওয়ায় তাঁরা ব্রিকফিল্ড এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তাঁরা দ্রুত পাওনা পরিশোধ এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান। নাহলে ব্রিকফিল্ডটি চালু করতে দিবেন না বলেও হুশিয়ারি দেয়।

অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিলের পরও ব্রিকফিল্ড এলাকায় সংস্কারকাজ চলার বিষয়য়ে মঞ্জুর হোসেন জানপরিবেশ অধিদপ্তরে রিভিউ করার পর তিনি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তবে রিভিউর বর্তমান অবস্থা এবং সংস্কারকাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সোনালী ব্রিকফিল্ডের মালিক ফারুক আজম ও ব্রিকফিল্ডটির ক্রেতা নিজাম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :