লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকা।
গতকাল শনিবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত সিদ্দিকুর রহমান শিকদারের ছেলে মোঃ রুবেল শিকদার (২৮) ও পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ডলি বুনিয়া গ্রামের আলম ফকিরের ছেলে মোঃ হাসান ওরফে ইব্রাহিম ফকির (২২)।
রবিবার (২৪ মে) র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জানতে পারে যে, ফেনী থেকে খুলনাগামী দিদার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে করে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য নিয়ে রওনা দিয়েছে। সংবাদ পেয়ে শনিবার রাতে চন্দ্রগঞ্জের মান্দারী বাজারে রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসায় র্যাব।
রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বাসটি নির্ধারিত চেকপোস্টে এসে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই যাত্রী গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের থেকে সাদা কসটেপ দিয়ে মোড়ানো দুটি বড় কার্টন উদ্ধার করা হয়। কার্টন দুটি খুলে তার ভেতর থেকে মোট ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র্যাবের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















