নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ দুইকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— বশিকপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের নন্দীগ্রাম (চৌকিদার বাড়ী) এলাকার জাফর আহম্মদের দুই ছেলে ১) মোঃ মামুন ওরফে লোহা মামুন (৩৫) এবং ২) মোঃ আল-আমিন হোসেন (২৪)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের চকিদার বাড়ীর আসামিদের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরটিতে তল্লাশি চালিয়ে ৪৮০ (চারশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মামুন ওরফে লোহা মামুন ও তার ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

















