নিজস্ব প্রতিবেদন : পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।
এসময় উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজের পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, কৃষিই বাংলাদেশের প্রধান শক্তি। আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা কাজে লাগাতে পারলে একসময় ঈশ্বরদী সারাদেশে কৃষি উৎপাদনে অন্যতম শীর্ষ উপজেলা হিসেবে পরিচিত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, আজ ১ হাজার কৃষকের মাঝে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আবাদ বাড়ানোর লক্ষ্যেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে।
























