লক্ষ্মীপুর প্রতিনিধি:
সামাজিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘আদর্শ কল্যাণ ফাউন্ডেশন’। এ উপলক্ষে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা এবং নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ আবদুল হাইয়ুম (এনাম)-কে সভাপতি এবং শাহাদাত হোসেন (সোহান)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মেঘনা রোড (আইডিয়াল কলেজ সংলগ্ন) এলাকায় সংগঠনটির কার্যালয় নির্ধারণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর চেয়ারম্যান জনাব মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া।
উদ্বোধনী আয়োজনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি। কার্যক্রমের শুরুতেই একজন অসচ্ছল ও অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। একই সঙ্গে ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষু রোগীর চিকিৎসার সুবিধার্থে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিআরডিবি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে তরুণদের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি, আদর্শ কল্যাণ ফাউন্ডেশন তাদের মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
নবনির্বাচিত সভাপতি মোঃ আবদুল হাইয়ুম (এনাম) ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (সোহান) জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং নানামুখী সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যেই এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে তারা এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।









