লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সম্পত্তি ও টাকাপয়সার জন্য ৭৩ বছর বয়সী বৃদ্ধ মোজাম্মেল হোসেন সেলিমকে মারধরের অভিযোগ উঠেছে তার ছোট ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সেলিমের স্ত্রী বেবি আক্তার লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মোজাম্মেল হোসেন সেলিম পেশায় শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার মাস্টার মার্কেটের পঞ্চম তলায় বসবাস করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সকালে জাকির হোসেন বাসায় এসে তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি সেলিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সেলিমের স্ত্রী বেবি আক্তার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বৃদ্ধ সেলিমকেও মারধর করার অভিযোগ ওঠে। পরে সেলিম ও তার স্ত্রী বেবি আক্তার সদর হাসপাতালে চিকিৎসা নেন।
বেবি আক্তারের অভিযোগ, জাকিরসহ তার ভাই ও বোন বিভিন্ন সময় সেলিমকে টাকা ও সম্পত্তির জন্য মানসিকভাবে নির্যাতন করেন। তিনি বলেন, তাদের উদ্দেশ্য তাকে বৃদ্ধ স্বামীর কাছ থেকে আলাদা করে দেওয়া। সেলিম মারা গেলে তার সম্পত্তির মালিক হওয়ার জন্যই তারা এমন আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি।
মোজাম্মেল হোসেন সেলিম বলেন, তিনি তার দুই ছেলেকে পুরোনো বাড়িতে ঘর করে দিয়েছেন। তারা সেখানে বসবাস করছেন। মাস্টার ভবনের ভাড়া থেকে তিনি নিজের ওষুধের খরচ এবং সংসার চালান। তার অভিযোগ, ছেলেরা দীর্ঘদিন ধরে টাকার জন্য তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছেন এবং তার স্ত্রীকেও মারধর করেন।
সেলিম আরও অভিযোগ করেন, ছেলে জাকিরকে চট্টগ্রামে চাকরির জন্য তিনি সাত লাখ টাকা দিয়েছিলেন। পরে জাকির চাকরি ছেড়ে বাড়িতে ফিরে আসেন। তার দাবি, জাকির মাদক সেবন করে তার কাছে এসে টাকা চান এবং টাকা না দিলে গালিগালাজ করেন। এ কারণে তিনি ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার এক ঘনিষ্ঠজন দাবি করেছেন, জাকির তার বাবার কাছে টাকা চাইলেও তাকে মারধর করেননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধের বিষয়। উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে। বিষয়টি সমাধানযোগ্য হওয়ায় আগামী বুধবার (১৯ আগস্ট) তাদের আবার বৈঠকে ডাকা হয়েছে
শিরোনাম:
সম্পত্তি ও টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে
Tag :









