নিজস্ব প্রতিবেদন : “যে লঙ্কায় যায়, সে-ই রাবণ হয়ে যায়। আমরা সবাই মিলে যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলাম, কেউ যেন নতুন করে সেই রাবণ হওয়ার চেষ্টা না করি। যারা দুর্নীতি, অন্যায় এবং খুনের সাথে জড়িত, আমাদের অবস্থান হতে হবে তাদের বিরুদ্ধে।”
বুধবার (১ এপ্রিল) লক্ষ্মীপুর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল লক্ষ্মীপুর শাখা আয়োজিত নবাগত ৭০ জন আইনজীবীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিম।
দেশের বিচার ব্যবস্থার বৈষম্য তুলে ধরে ড. রেজাউল করিম বলেন, “হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে বিগত নির্বাচনে ১৩৩ জন টিকে গেছে। অথচ সামান্য কিছু চুরির দায়ে একজন গরিব মানুষের জন্য কঠোর আইন কার্যকর হয়। আমরা অসহায়ের বিরুদ্ধে আইনের ঢাল হয়ে দাঁড়াব না, বরং মজলুমের পাশে দাঁড়াব। বর্তমান সমাজে যারা ব্যাংক লুটপাট করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হতে হবে।”
বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনও আমরা শুনি সাগর-রুনির মামলার তারিখ বারবার পিছিয়ে যায়। আবু সাঈদ ও মুগ্ধদের হত্যার বিচার নিয়েও ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা হতবাক হই, যখন দেখি গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের আশা আমরা করেছিলাম, সেখানে কেউ কেউ ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে।”
বর্তমান সরকারের কিছু উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, “সরকার এখন অ্যান্টি-করাপশন কমিশন বা দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা সংকুচিত (লেস) করতে চাইছে। গুম-খুন এবং ব্যাংক লুটেরাদের বিচার করার যে আইন জনদাবির মুখে তৈরি হয়েছিল, সেগুলোকে শিথিল করার অপচেষ্টা চলছে। আমরা সতর্ক করে দিতে চাই, এ ধরনের গণবিরোধী পদক্ষেপ জনগণ মেনে নেবে না।”
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল লক্ষ্মীপুর শাখার সভাপতি অ্যাডভোকেট নজির আহমেদের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, মাওলানা নাসির উদ্দিন মাহমুদ এবং অ্যাডভোকেট নুর উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে নবাগত ৭০ জন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা নবাগতদের প্রতি পেশাগত জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুল ইসলাম, মাহীর আসহাব, হাসান বান্না, কামাল উদ্দিন, গাজী মোহাম্মদ আলী, আনিসুল ইসলাম, আব্দুল আউয়াল রাসেল, রেজাউল ইসলাম সুমন ও মুনতাসীর মাহমুদসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।


















