নিজস্ব প্রতিবেদক: সাবেক চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট সমাজসেবক তোফাজ্জল হোসেন সবুজ আবারও প্রমাণ করলেন—মানবতার জায়গা রাজনীতির ঊর্ধ্বে।
সম্প্রতি তিনি স্থানীয় এক অসহায় ও অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তার চিকিৎসা, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয়রা জানান, তোফাজ্জল হোসেন সবুজ দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে সমাজসেবায় নিয়োজিত। দল-মত নির্বিশেষে মানুষের দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান। তার এই মহতী উদ্যোগ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন এলাকার সচেতন নাগরিকরা।
এক প্রতিক্রিয়ায় তোফাজ্জল হোসেন সবুজ বলেন, “আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন এই দেশের মানুষের জন্য। আমি চেষ্টা করছি তাঁর আদর্শ ধরে রেখে সমাজের অসহায় মানুষের পাশে থাকতে। শিশুটির মুখে একটুকু হাসি ফুটিয়ে তুলতে পারলে নিজেকে সার্থক মনে করব।”
এই উদাহরণ প্রমাণ করে, মানবতা এখনও বেঁচে আছে—কিছু মানুষের অন্তরে, কিছু মানুষের কাজে।










